নিটোর উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী | Daily AjKaler Kontho

নিটোর উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী


শাহজালাল (রাসেল) প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
নিটোর উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের উন্নয়নকাজের জন্য টেন্ডার আহ্বান করা হবে।

সোমবার (৯ নভেম্বর) সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে উদ্বোধনে গিয়ে এ ঘোষণা দেন, সরদার মো. সাখাওয়াত হোসেন মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়।

এ সময় হাসপাতালের আইসিইউ, নতুন পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগের ই-টিকিটিং, কিউআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন ব্যবস্থার উদ্বোধন করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি হাসপাতালে চিকিৎসকরা নতুন উদ্বাবনী শক্তি নিয়ে কাজ করছেন। চিকিৎসকরা যাতে সততার সাথে ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মেনে যাতে কাজ করতে পারেন, আর সব ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

তিনি রোগীদের সঙ্গে আরও ভালো, মানবিক ও সহনশীল আচরণ করার জন্য চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, দেশের চিকিৎসাব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে যতটুকু বরাদ্দ প্রয়োজন, তা দেওয়ার সদিচ্ছা সরকারের রয়েছে।

চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, যখন রোগীর পাশে তার আত্মীয়স্বজনরা থাকেন না, তখন চিকিৎসকরাই তাদের পাশে থাকেন। চিকিৎসকদের একটু সুন্দর ব্যবহার ও প্রয়োজনীয় পরামর্শ রোগীর সুস্থতায় বিশেষ ভূমিকা রাখে। চিকিৎসকদের কাছ থেকে তিনি এমন মানবিক আচরণই প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মোঃ জহিরুল ইসলাম শাকিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর পরিচালক এবং বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোঃ আবুল কেনান। তিনি নিটোরের চিকিৎসাসেবাকে আরও আধুনিক, গতিশীল, প্রযুক্তিনির্ভর ও রোগীবান্ধব করে তুলতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মোঃ আবুল কেনান বলেন, আইসিইউ ও আধুনিক পোস্ট-অপারেটিভ ওয়ার্ড চালুর ফলে অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের নিবিড় পরিচর্যা ও নিরাপত্তা নিশ্চিত করার সুযোগ আরও সম্প্রসারিত হবে। অন্যদিকে, ই-টিকিট, কিউআর কোড ও অটোমেশন পদ্ধতি রোগীদের সেবা গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী করে তুলবে।

আজকালের কন্ঠ/আর বি