
নেছারাবাদে বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় দৈহারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুদর্শন মন্ডলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেফতারকৃত সুদর্শন মন্ডল উপজেলার দৈহারী ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের ৮ নং ওয়ার্ডের বিপদ রঞ্জন মন্ডলের ছেলে।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার দৈহারী ইউনিয়নের গণকপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই তাকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সুদর্শন মন্ডল দৈহারী ইউনিয়নের গণকপাড়া বাজারসংলগ্ন এলাকায় বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুদর্শন মন্ডল দৈহারী ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে কর্মরত। নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ইএইচএফপিও) ডাঃ আসাদুজ্জামান তার চাকুরির বিষয়টি নিশ্চয়তা করেছেন।
তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তার ভাই সুব্রত মন্ডল। তিনি দাবি করেন, রাজনৈতিক বিরোধের জেরে তার ভাইকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। তার ভাই নির্দোষ। তিনি ভাইয়ের মুক্তি চান।
নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদি হাসান বলেন, তাকে রাজনৈতিক একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন গ্রেপ্তারের পর সোমবার বিকেলেই তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :