লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনায় মশিয়ার রহমান সান্টু | Daily AjKaler Kontho

লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনায় মশিয়ার রহমান সান্টু


নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনায় মশিয়ার রহমান সান্টু

নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনায় রয়েছেন পদপ্রার্থী মশিয়ার রহমান সান্টু।

শুক্রবার (৩০ অক্টোবর) সরেজমিন ঘুরে দেখা গেছে, আসন্ন লোহাগড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে চায়ের দোকানসহ প্রতিটি জায়গায় চলছে
আলোচনা। আলোচনার কেন্দ্রবিন্দু হলো কে হতে যাচ্ছে আগামী নির্বাচনে লোহাগড়া পৌরসভার মেয়র।
খোঁজ খবর নিয়ে দেখা গেছে লোহাগড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক শেখ মশিয়ার রহমান সান্টু মেয়র প্রার্থী হিসেবে সব জায়গায় বেশ আলোচনায় রয়েছেন।

দীর্ঘদিন ধরে সমাজের মানুষের সাথে ও স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লোহাগড়া পৌরসভার উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি। তাঁর এই আগ্রহকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে।

নিজের নির্বাচনী ইচ্ছার কথা তুলে ধরে মশিয়ার রহমান সান্টু বলেন, তিনি লোহাগড়ার মানুষের সঙ্গে মিশে থাকা একজন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা, প্রত্যাশা ও স্বপ্নগুলো কাছ থেকে দেখেছেন। মানুষের সঙ্গে চলার পথেই তিনি উপলব্ধি করেছেন, একটি পরিকল্পিত ও জনবান্ধব পৌরসভা গড়তে হলে নাগরিকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

মশিয়ার রহমান সান্টু আরও বলেন, পৌরসভার উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রয়োজন জনগণের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সহযোগিতা। তিনি লোহাগড়ার সর্বস্তরের মানুষের কাছে তাঁদের মতামত, পরামর্শ ও সমর্থন কামনা করেন।

তিনি এমন একটি পৌরসভা গড়ে তুলতে চান, যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বরের মূল্যায়ন হবে, নাগরিক অধিকার ও সেবার বিষয়গুলো গুরুত্ব পাবে এবং উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তব কাজের মাধ্যমে প্রতিফলিত হবে।

লোহাগড়ার মানুষের বিশ্বাস ও সহযোগিতাকে নিজের পথচলার শক্তি হিসেবে উল্লেখ করে তিনি সবাইকে পৌরসভার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি মেয়র হলে সর্বপ্রথম মাদক নিয়ন্ত্রণে কাজ করতে চান। এজন্য খেলাদুলার প্রতি যুবকদের আগ্রহ তৈরি করার জন্য বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করবেন বলে অভিমত ব্যক্ত করেন।

এ সময় তিনি বলেন, লোহাগড়া পৌরসভাকে আরও স্বচ্ছ, উন্নত ও জনমুখী হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, যুবসমাজের উন্নয়ন এবং নারীদের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিতে চান তিনি।

মশিয়ার রহমান সান্টুর মতে, একটি পৌরসভার প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সাধারণ মানুষ উন্নয়ন কর্মকাণ্ডের সুফল সরাসরি ভোগ করতে পারবেন। তাই নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জনগণের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় ব্যবসায়ী প্রবীর রায় বলেন, লোহাগড়া পৌরবাসী দীর্ঘদিন ধরে এমন একজন জনপ্রতিনিধি প্রত্যাশা করেন, যিনি সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত থাকবেন এবং তাঁদের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে দেখবেন। মশিয়ার রহমান সান্টুর মেয়র পদে নির্বাচন করার আগ্রহকে তিনি ইতিবাচকভাবে দেখছেন। তাঁর প্রত্যাশা, সান্টু নির্বাচনে অংশ নিলে পৌরসভার উন্নয়ন, ব্যবসায়ীদের সুবিধা এবং সাধারণ মানুষের নাগরিক অধিকারকে গুরুত্ব দেবেন।

পৌর এলাকার সাধারণ বাসিন্দা রাজীব বলেন, লোহাগড়ার মানুষ পরিবর্তন ও উন্নয়ন দেখতে চান। তাঁরা এমন নেতৃত্ব প্রত্যাশা করেন, যিনি মানুষের কাছাকাছি থাকবেন এবং প্রতিশ্রুতির পাশাপাশি বাস্তব কাজের মাধ্যমে নিজের আন্তরিকতা প্রমাণ করবেন। মশিয়ার রহমান সান্টুকে ঘিরে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়িত হলে পৌরবাসী উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সব মিলিয়ে, মশিয়ার রহমান সান্টুর মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহকে ঘিরে লোহাগড়া পৌর এলাকার নাগরিকদের মধ্যে নতুন আলোচনা তৈরি হয়েছে। এখন তাঁর এই আগ্রহের পরবর্তী পদক্ষেপ এবং পৌরবাসীর প্রত্যাশার প্রতিফলন কোন পথে এগিয়ে যায় সেটিই দেখার বিষয়।

লোহাগড়া পৌরসভা ২০০৩ সালে ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়। পৌরসভা গঠনের পর থেকে এ পর্যন্ত ৪ বার লোহাগড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সর্বশেষ ২০২১ সালের পৌরসভা নির্বাচন অনুযায়ী মোট ভোটার সংখ্যা ২৩,৭৩৭ জন। পুরুষ ভোটার: ১১,৫৭৭ জন, নারী ভোটার: ১২,১৬০ জন। ২০২৬ ভোটার হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে মোট ভোটারের সংখ্যা ২৬ হাজারের কাছাকাছি।

আজকালের কন্ঠ/আর বি