
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, নির্বাচনে হেরে গেলেই জামায়াত ‘পাগলামি’ শুরু করে দেয়। তাদের এই পাগলামির একটি নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকা উচিত, অন্যথায় তারা দেশের জনগণের তোপের মুখে পড়বে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদের ভাঙন রোধে জরুরি তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি খোকন তালুকদার বলেন, গতকাল ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনকে ঘিরে ‘বটবাহিনী’র মাধ্যমে প্রোপাগান্ডা বা অপপ্রচার ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা জানি, তারা হেরে গেলেই এমন আচরণ করে থাকে। নদীভাঙন রোধে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে যেখানেই জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা প্রয়োজন, সেখানেই তা ফেলে নদীভাঙন রোধে দ্রুত কাজ করতে হবে। আমরা যেভাবে ডিও লেটার দিয়ে বিষয়টি অবহিত করছি, সরকারও তাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।
অনুষ্ঠানে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার,সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মাইনুল ইসলাম মামুন, যুবদল নেতা মামুন শিকদার, কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার এবং আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি জিন্নাত আলী সরদারসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :