জাপান সফরে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী | Daily AjKaler Kontho

জাপান সফরে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
জাপান সফরে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

হুমায়ুনি কবির বলেন, প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।

তিনি জানান, বাংলাদেশ এবং জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কের বহুমুখী উপযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনায় প্রধানমন্ত্রীর এই জাপান সফর অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, এই সফরের মাধ্যমে একদিকে যেমন বাংলাদেশের জন্য জাপানের উন্নয়ন সহযোগিতা চলমান থাকা এবং বৃদ্ধি পাবার প্রতিশ্রুতি ব্যক্ত হয়েছে, অন্যদিকে বেসরকারি বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়ন ক্ষেত্র প্রশস্ত হয়েছে।

হুমায়ুন কবির বলেন, আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবার আগে বাংলাদেশকে ভিত্তি করে এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জকে সামনে রেখে যোগাযোগ, পরিবেশ, কৃষি, মানবসম্পদ, স্থানীয় সরকার ব্যবস্থাপনা, টেকসই অর্থনীতি আন্তর্জাতিক শান্তি ও স্থীতিশীলতা এবং রোহিঙ্গা সমস্যার সমাধানের ক্ষেত্রে জাপানের নিরবচ্ছিন্ন সহায়তার প্রতিশ্রুতি নিয়ে প্রত্যাবর্তন করেছেন। একই সঙ্গে এই সফরের মাধ্যমে দুই দেশের জনগণের সংযোগ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।

হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর সফরে ঘোষিত ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগের খাত এবং অন‍্যান‍্য বিষয় খতিয়ে দেখতে দ্রুতই ইকোনমিক মিশন পাঠাবে জাপান। জাপানের সাথে ‘বিগ-বি’ নিয়ে আলোচনায় তৃতীয় কোনো দেশ নিয়ে কথা হয়নি।

অন‍্য কোনো রাষ্ট্রকে নিয়ে আলোচনার প্রয়োজন হলে তাদের উপস্থিতিতে বাংলাদেশ তা করবে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মাটি ও মানুষের স্বার্থকে অসম্মান করে কোনো দেশের সাথে কোনো চুক্তি করবে না বিএনপি সরকার।

আজকালের কন্ঠ/আর বি