নেত্রকোনায় জমি দখলের চেষ্টা ও ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন | Daily AjKaler Kontho

নেত্রকোনায় জমি দখলের চেষ্টা ও ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন


সুশীল আচার্য্য, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
নেত্রকোনায় জমি দখলের চেষ্টা ও ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় জমি দখলের চেষ্টা, বাড়ির বেড়া ভাঙচুর, ১৫ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন প্রয়াত আ. রাজ্জাকের স্ত্রী শিরিনা তালুকদার।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিরিনা জানান, ১৯৯২ সালে তাঁর স্বামী চল্লিশা মৌজার বিএআরএস ১৪৩ নম্বর দাগে ১৭ শতক জমি ক্রয় করেন। স্বামীর মৃত্যুর পর একই গ্রামের আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবারের সদস্যরা জমিটি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ তাঁর।

তিনি আরও অভিযোগ করেন, গত ৩ অক্টোবর তাঁর বাড়ির টিনের বেড়া ভাঙচুর করে জমি ভোগদখলে রাখতে ১৫ লাখ টাকা দাবি করা হয়। পরবর্তী সময়ে ১৯ অক্টোবর আবারও বেড়া ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় আদালতের শরণাপন্ন হয়েছেন বলে জানান তিনি।

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত অভিযুক্ত পরিবারকে ওই জমিতে প্রবেশ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জমির নিরাপত্তা, পরিবারের সুরক্ষা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান শিরিনা তালুকদার।

আজকালের কন্ঠ/আর বি