ঝালকাঠির সুগন্ধা নদীতে স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯ | Daily AjKaler Kontho

ঝালকাঠির সুগন্ধা নদীতে স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯


মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি: প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
ঝালকাঠির সুগন্ধা নদীতে স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯

ঝালকাঠির সুগন্ধা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনার সময় স্পিডবোট দুর্ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডুসহ ৯ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি উপজেলার কংসার দিঘির পাড়সংলগ্ন সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ইউএনওর নেতৃত্বে নদীতে টহল দেওয়ার সময় স্পিডবোটটির গিয়ারে ত্রুটি দেখা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বোটটি নদীর তীরের ইটের স্তূপে ধাক্কা খায়। এ ঘটনায় ইউএনওসহ স্পিডবোটে থাকা ৯ জন আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ইউএনওর মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। স্পিডবোটচালক আশরাফুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে দুই আনসার সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভলান্টিয়ার্স অব নলছিটি’র সদস্যরাও রয়েছেন।