নেত্রকোণায় সাংবাদিক আলিফ ফকির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন  | Daily AjKaler Kontho

নেত্রকোণায় সাংবাদিক আলিফ ফকির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন 


সুশীলআচার্য্য,নেত্রকোণা প্রতিনিধিঃ প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন
নেত্রকোণায় সাংবাদিক আলিফ ফকির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন 

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে নেত্রকোণা সাংবাদিক সমাজ।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এদিকে, এ হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। ওই গ্রামে নিহত সাংবাদিকের শ্বশুরবাড়ি। ঘটনার রাতে তিনি বাড়ির সামনের একটি দোকানে গিয়েছিলেন। এ সময় আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া দুই অজ্ঞাতপরিচয় যুবক তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে।

পরে তাঁকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি আইপি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজও পরিচালনা করতেন।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মানববন্ধনে সাংবাদিক হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।