
পটুয়াখালীর গলাচিপায় পুলিশ পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদ ও গাঁজাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা সম্পর্কে পরস্পর পিতা ও পুত্র।
সোমবার (২৮ সেপ্টেম্বর) গলাচিপা থানার বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে পানপট্টি ইউনিয়নের গ্রামর্দ্দন (পূর্ব পানপট্টি) এলাকায় এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— পূর্ব পানপট্টি (৪ নম্বর ওয়ার্ড) এলাকার মোঃ জয়নাল মীরের ছেলে মোঃ আল আমিন মীর (৫০) এবং তাঁর ছেলে মোঃ রাব্বি মীর (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর গলাচিপা থানার সাব-ইনস্পেক্টর (এসআই) মোঃ আঃ হাকিমের নেতৃত্বে এএসআই মোঃ রুবেল হাওলাদার, এএসআই মোঃ মিজানুর রহমান, এএসআই মোঃ আঃ হাই ও সঙ্গীয় ফোর্স পানপট্টি ইউনিয়নের গ্রামর্দ্দন এলাকার আল আমিন মীরের বসতবাড়িতে অভিযান চালান।
অভিযানকালে বসতঘরের বারান্দা থেকে ১০ গ্রাম গাঁজাসহ রাব্বি মীরকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের পাশে পুকুর পাড়ের দক্ষিণ দিক থেকে ১৩৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধারসহ প্রধান আসামি আল আমিন মীরকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে কাঁচামাল সংগ্রহ করে নিজেরাই এসব চোলাই মদ তৈরি করছিলেন এবং তা খুচরা ও পাইকারি দরে এলাকায় বিক্রি করে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/২৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: ৬০, তারিখ: ২৮/০৯/২০২৬)। আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :