
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক নাহিদা বেগমের সন্তান অপ্রতিম হত্যার প্রতিবাদ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে বিশ্ববিদ্যালয়ের সংগঠন চিত্তনামা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় অপ্রতিমের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। পরে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দায়ীদের শাস্তির দাবি জানান তারা।
দপ্তর সম্পাদক শিবু নাইডু বলেন, ‘আজকের সমাজে নৈতিকতা ও আইনের শাসন আজ বিলীন। অপ্রতিমের সাথে আমার সম্পর্ক খুবই সুন্দর ছিলো। এই হত্যা আমাকেও ধাক্কা দিয়েছে। তাই এই জায়গা থেকে বলতে চাই এই হত্যার বিচার হোক এবং পরিবার এই শোক কাটিয়ে উঠুক।’
সভাপতি আল ফাহাদ বলেন, ‘এটাতো একটা রাষ্ট্রীয় হত্যা। এই হত্যার দায় রাষ্ট্র এড়াতে পারে না। অপ্রতিম হত্যা আমাদের জন্য খুবই মর্মান্তিক। এই হত্যার বিচার করার জন্য আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। এই হত্যাকে নিয়ে রাজনৈতিক যে চক্রান্ত হচ্ছে তাও আসলে আমাদের ভাবায় আমরা কেমন রাষ্ট্রে বসবাস করি।
উপদেষ্টা মারুফ শেখ বলেন, ‘অপ্রতিমের ঐ রক্তাক্ত চেহারা বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশের শাসনব্যবস্থার মুখে কালো কাপড় পড়িয়ে দিয়েছে অপ্রতিম। এই হত্যার দায় এই সমাজ অস্বীকার করতে পারে না। শুরু থেকে পুলিশের গাফিলতি, রাষ্ট্রীয় দায়সারা ভাব সবকিছু আসলে দেখিয়ে দেয় একটা মানুষ মারা গেলেও রাষ্ট্রের কিছু করার নেই। আজ রাষ্ট্রের বিচার প্রক্রিয়া ঠিকভাবে কাজ করলে আমরা অপ্রতিমকে হয়তো হারাতাম না। আমরা এ জায়গা থেকে অপ্রতিমের হত্যার বিচারের দাবি তুলছি।’
সাধারণ সম্পাদক ঋক্তা চক্রবর্তী বলেন, ‘এই হত্যার দ্রুত বিচার হোক আমরা সেটা চাই। কিন্তু আমরা দেখলাম শুরু থেকে পুলিশের লোক দেখানো কান্নাকাটি এবং গাফিলতি। তারা শুধু নিজের পক্ষে সাফাই গাওয়া ছাড়া কিছু করে নাই। তাই আমরা অন্তত আশা করি বিচারটুকু হোক। আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও নিরাপদ নয়। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও এদিকে নজর কম।’
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :