৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলন | Daily AjKaler Kontho

৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলন


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

সারাদেশে ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও সাতক্ষীরায় উন্মুক্ত বাছাই ছাড়াই খেলোয়াড় পাঠানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। কোনো প্রকার দল নির্বাচন বা বাছাই প্রতিযোগিতা না আয়োজন করে গত ১০ আগস্ট অনুষ্ঠিত একটি ‘অন্তকক্ষ দাবা ক্লাব কাপ’ খেলার ওপর ভিত্তি করে খেলোয়াড় চূড়ান্ত করার এ পায়তারার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন জেলার দাবা খেলোয়াড়রা।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের পক্ষে বক্তব্য রাখেন ৪৯তম জাতীয় দাবা প্রতিযোগিতার সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন মোঃ জাহিদ হাসান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ব্রাদার্স ইউনিয়নের ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম বকুল, অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি) সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক রিয়াদ মাহমুদ প্লে এবং জেলায় দীর্ঘ ২০ বছর ধরে বিজয়ী চ্যাম্পিয়ন দাবাড়ু জনাব মোঃ সিরাজুর রহমানসহ অন্যান্য স্থানীয় খেলোয়াড়বৃন্দ।

সংবাদ সম্মেলনে মোঃ জাহিদ হাসান বলেন, “দেশের ৬৩টি জেলায় ৫০তম দাবা ‘বি’ বাছাই প্রতিযোগিতা যথাযথ নিয়মে পরিচালিত হচ্ছে। অথচ সাতক্ষীরা জেলায় কোনো উন্মুক্ত বাছাই ছাড়াই খেলোয়াড় পাঠানোর চেষ্টা চলছে, যা জেলার উঠতি ও অভিজ্ঞ দাবাড়ু ও ক্রীড়াপ্রেমীদের চরম বঞ্চিত করার শামিল। আমরা এহেন সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” সংবাদ সম্মেলনে দাবা বিচারক (আর্বিটার) মোঃ রিপন হোসাইনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বলেন, খেলা আয়োজন না করে তিনি জেলা ক্রীড়া সংস্থায় বড় অঙ্কের ভূয়া ভাউচার ও খরচ দেখিয়ে আসছেন। তিনি নিজেকে রাজনৈতিক দলের পদধারী দাবি করে ক্ষমতার প্রভাব খাটানোর চেষ্টা করছেন বলেও দাবি করেন খেলোয়াড়রা।

এ সময় মোঃ রিপন হোসাইনকে সাতক্ষীরার দাবা বিচারকের দায়িত্ব থেকে নিষিদ্ধ করার জোরালো দাবি জানান বক্তারা। পাশাপাশি তাঁর বিরুদ্ধে এসিপিবি ও বাংলাদেশ দাবা ফেডারেশনে লিখিত অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত জানানো হয়। বক্তারা বলেন, “দাবা হলো বুদ্ধিদীপ্ত ও মর্যাদাপূর্ণ খেলা। এখানে স্বজনপ্রীতি কিংবা অনিয়মের কোনো সুযোগ থাকা উচিত নয়।” সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসক ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে, যাতে অবিলম্বে সব খেলোয়াড়ের অংশগ্রহণে নিরপেক্ষভাবে ৫০তম দাবা ‘বি’ বাছাই প্রতিযোগিতা সম্পন্ন করা হয়।

আজকালের কন্ঠ/আর বি