ঝালকাঠিতে ভোটাধিকার সুরক্ষায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ: পুলিশ সুপারের | Daily AjKaler Kontho

ঝালকাঠিতে ভোটাধিকার সুরক্ষায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ: পুলিশ সুপারের


মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৬:০৪ অপরাহ্ন
ঝালকাঠিতে ভোটাধিকার সুরক্ষায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ: পুলিশ সুপারের

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত এবং ভোটাধিকার সুরক্ষায় পুলিশ সদস্যদের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঝালকাঠিতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের আয়োজনে ‘নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স’-এর দ্বিতীয় ব্যাচের উদ্বোধন করা হয়। ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মেরিন সুলতানা বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি ভোটাধিকার সুরক্ষা নিশ্চিত করা পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব। নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে। একই সঙ্গে প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা মাঠপর্যায়ে কার্যকরভাবে প্রয়োগের জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্ব পালনের বিভিন্ন দিক, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটারদের নিরাপত্তা, দায়িত্ব পালনে পেশাদার আচরণ এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে পুলিশের করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম বায়েজীদ ইবনে আকবরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি