রাবিপ্রবির বাস-চালকের সাথে সিএনজি চালকের বাকবিতণ্ডা, শিক্ষার্থীকে হুমকি | Daily AjKaler Kontho

রাবিপ্রবির বাস-চালকের সাথে সিএনজি চালকের বাকবিতণ্ডা, শিক্ষার্থীকে হুমকি


রাবিপ্রবি প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
রাবিপ্রবির বাস-চালকের সাথে সিএনজি চালকের বাকবিতণ্ডা, শিক্ষার্থীকে হুমকি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী কাচালং (রাঙামাটি -স, ১১০০৩) বাসের চালক কুতুব উদ্দীনের সাথে এক স্থানীয় সিএনজি (রাঙামাটি-থ,১১০৭৬১) চালকের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। ঘটনাপ্রবাহে বাসে অবস্থানরত এক শিক্ষার্থী মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে, তাকেও হুমকি দেয় সিএনজির চালক।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৫ টার দিকে রাঙামাটি জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বাসে থাকা শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিনের নিয়মিত সিডিউল অনুযায়ী বিকেল ৪টা ১৫ মিনিটে রাবিপ্রবি ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে বাসটি রাঙ্গামাটি শহরের দিকে যায়। ডিসি অফিসের সামনে পৌঁছালে পেছন থেকে একটি সিএনজি চালক বাসটির চালককে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে ওই সিএনজি বাসটির সামনে এসে দাঁড় করিয়ে বাসের চালকের দিকে তেড়ে যান। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। একই সময়ে সড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঘটনার সময় রাবিপ্রবির সিএসই বিভাগের ২০২৪-২০২৫ সেশনের এক শিক্ষার্থী বিষয়টি মোবাইল ফোনে ধারণ করতে গেলে সিএনজি চালক ওই শিক্ষার্থীর দিকেও তেড়ে আসেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় তিনি শিক্ষার্থীর কাছে তার ব্যাচ সম্পর্কে জানতে চান এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন বলেও অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ব্যক্তি নিজেকে একটি সরকারি কলেজের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন।

এ ব্যাপারে জানতে চাইলে বাস-চালক কুতুব উদ্দিন বলেন, সিএনজি ড্রাইভারটা অত্যন্ত বেয়াদব ছিলো। আমি বনরুপা পুলিশ বক্সের সামনে থাকা পুলিশের কনস্টেবলের সাথে কথা বলছিলাম, অন্যান্য গাড়িগুলোকে আমি যাওয়ার রাস্তা ক্লিয়ার রেখেই পুলিশের সাথে কথা বলছিলাম। এই ড্রাইভার নিউমার্কেটের সামনে হঠাৎ করে এসে আমার গাড়ির সামনে তার গাড়ি দিয়ে ব্যারিকেড দিয়ে দেয় এবং অভিযোগ করে আমি নাকি তার গাড়িকে চাপ দিয়েছি। একপর্যায়ে সে আমার দিকে মারমুখী ভঙ্গীতে তেড়ে আসে। আমাদের একজন শিক্ষার্থী তার ভিডিও করতে গেলে তার সাথেও সে দুর্ব্যবহার করে। তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া দরকার।

ঘটনাটির কারণে বাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে সাময়িক আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে।

রাবিপ্রবির শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষার্থী বহনকারী বিশ্ববিদ্যালয়ের বাসের চালকের সঙ্গে প্রকাশ্যে এ ধরনের আচরণ এবং শিক্ষার্থীকে ভয়ভীতি প্রদর্শনের ঘটনা উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ দাবি জানান।

এ ব্যাপারে জানতে চাইলে রাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. মো. ফখরুদ্দিন বলেন, আমি সংশ্লিষ্টদের কাছ থেকে ঘটনাটির বিস্তারিত তথ্য নেওয়ার জন্য বলব আমার টিমকে। প্রয়োজনে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বক্তব্য ও অন্যান্য তথ্য যাচাই করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

আজকালের কন্ঠ/আর বি