
নওগাঁর রাণীনগরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর রাণীনগর উপজেলা যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি রাণীনগর সদর ইউনিয়ন পার্টি অফিসের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের প্রাণকেন্দ্র চার মাথার মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রাধান অতিথির বক্তব্যে রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের মতো রাতের ভোটে বিএনপি সরকার গঠন করেনি। সুতরাং দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আমাদের প্রধানমন্ত্রী ও বিএনপির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের চক্রান্ত করা হলে এ দেশের জনগণ রাজপথেই তা কঠোরভাবে রুখে দেবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার যখন সুপরিকল্পিতভাবে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি কুচক্রী মহল ষড়যন্ত্রের মাধ্যমে দেশের এই ধারাবাহিক উন্নয়ন ব্যাহত করার অপচেষ্টায় উঠেপড়ে লেগেছে। সবাইকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে এবং যেকোনো ধরনের গুজব ও মিথ্যা অপপ্রচারের কড়া জবাব দিতে হবে।
রাণীনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন বলেন, বর্তমানে বৈশ্বিক অস্থিরতার কারণে সারাবিশ্বেই জ্বালানি তেল ও গ্যাসের তীব্র সংকট চলছে এবং এর প্রভাবে তেলের দাম হু-হু করে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এই দাম বৃদ্ধিতে সরকারের কোনো ব্যর্থতা নেই। কিন্তু একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল বিষয়টিকে পুঁজি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে। যেকোনো ধরনের ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস ও সিরাজ এ আলম, ফরহাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, শ্রমিক দলের সেক্রেটারি নাসির উদ্দিন টনি এবং মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগমসহ উপজেলা ও ইউনিয়নের পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :