সত্যের আলো ছড়িয়ে দশ বছরে পদার্পণ করল এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি | Daily AjKaler Kontho

সত্যের আলো ছড়িয়ে দশ বছরে পদার্পণ করল এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৫:৫২ অপরাহ্ন
সত্যের আলো ছড়িয়ে দশ বছরে পদার্পণ করল এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি

একটি কলম কখনো শুধু সংবাদ লেখে না কখনো তা হয়ে ওঠে শিক্ষার্থীদের কণ্ঠস্বর, কখনো তুলে ধরে সময়ের সত্য, আবার কখনো আলো ফেলে আড়ালে থাকা অসঙ্গতির ওপর। এমনই এক প্রত্যয় নিয়ে এক দশকের পথ পেরিয়ে দশম বর্ষে পদার্পণ করেছে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি।

দশ বছরের এই পথচলায় সংগঠনটি ক্যাম্পাসের সাফল্য, সম্ভাবনা ও ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সমস্যা ও অসঙ্গতিও বস্তুনিষ্ঠতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরেছে।

গত রোববার সকালে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনে বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে এম সাইফুর রহমান ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর ভবনের মনোবিজ্ঞান বিভাগের ১২০২ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লবীব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক উপদেষ্টা ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম, সংগঠনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শৈলেন্দ্র মোহন সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মো. মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম এবং ডেইলি ওয়াদার সাংবাদিক মোহাম্মদ আলী মাজেদ।

এ ছাড়া বক্তব্য দেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আজহার উদ্দিন শিমুল, আশরাফ আহমেদ ও মো. মুছলেহ উদ্দিন মুনাঈম এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব হোসাইন।

রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামী, শিবির সভাপতি আবু তাহের মিছবাহ এবং ছাত্র-মজলিসের অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ।

রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিহারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফিজ বুলবুল আহমদ। পরে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. বদরুল আমিন এবং স্বাগত বক্তব্য দেন কোষাধ্যক্ষ মেহেদী হাসান তানিম।এক দশকের পথচলাকে স্মরণীয় করে রাখতে অনুষ্ঠানে প্রকাশ করা হয় এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির প্রথম ম্যাগাজিন ‘জানালা’।

আলোচনা সভা শেষে অতিথিদের উপস্থিতিতে এর মোড়ক উন্মোচন করা হয়।ম্যাগাজিনটির প্রচ্ছদ নির্মাণ করেন সংগঠনের সাবেক নির্বাহী সদস্য শাহ রাকিবুল হাসান রাফি। প্রচ্ছদ তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠানের আরেক পর্বে রিপোর্টার্স ইউনিটির সদ্য সাবেক সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমকে ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। এরপর অতিথি ও সংগঠনের সদস্যদের অংশগ্রহণে কেক কেটে উদযাপন করা হয় এক দশকে পদার্পণের আনন্দঘন মুহূর্ত।পরে উপস্থিত অতিথি ও সদস্যদের মধ্যে মিষ্টি ও নাস্তা বিতরণ করা হয়।বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকের পথচলা যেমন উদযাপিত হয়েছে, তেমনি নতুন প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা।

আজকালের কন্ঠ/আর বি