আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস পালিত | Daily AjKaler Kontho

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস পালিত


মো:আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৩:২৮ অপরাহ্ন
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ। জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ মে) সকালে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাসপাতাল সামনে থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে হাসপাতালের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নার্সিং সুপারভাইজার ভানু বিশ্বাস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীদের সার্বক্ষণিক সেবা ও মানবিক আচরণের মাধ্যমে নার্সরা স্বাস্থ্যখাতকে আরও সমৃদ্ধ করে তুলছেন। নার্সদের দক্ষতা ও ক্ষমতায়নের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন আরএমও ডা. শিশির কুমার গাইন ও ডা. মিরন হালদার। বক্তারা বলেন, একজন রোগীর সুস্থতার পেছনে চিকিৎসকদের পাশাপাশি নার্সদের অবদানও অনস্বীকার্য। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও কর্মপরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে কেক কেটে দিবসটির উদযাপন করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নার্স আভা করাতী, প্রিয়াংকা তালুকদার, নিপা বৈরাগী, রেবা হালদার, মাধবী লতা রাজিব, আরতী মধু, দিপালী মন্ডল, মাধবী গাইন, সুনন্দা বৈদ্য, তাহমিনা খানম, মার্টিনা হেম্রম, সঙ্গীতা বৈরাগী, পাপিয়া বাড়ৈ, বিলাসী বালা, বিথীকা মন্ডল, ইতি বৈরাগী, পলি বৈদ্য, মৃদুলা সরকার, পূর্ণিমা হালদারসহ অন্যান্য নার্সরা।

আজকালের কন্ঠ/আর বি