আলীকদম সেনাজোন ও প্রশাসনের যৌথ অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক | Daily AjKaler Kontho

আলীকদম সেনাজোন ও প্রশাসনের যৌথ অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক


মো.জয়নাল আবেদীন, বান্দরবান জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
আলীকদম সেনাজোন ও প্রশাসনের যৌথ অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক

বান্দরবানের দুর্গম পাহাড়ি উপজেলা আলীকদমে মাদক নির্মূলে সেনাবাহিনীর ধারাবাহিক ও পেশাদার তৎপরতা স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রশাসনের সঙ্গে সমন্বিত অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড প্রদান করা হয়।

নিরাপত্তা ও প্রশাসনিক সূত্রে জানা যায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে আলীকদম উপজেলার পানবাজার এলাকায় সেনাবাহিনীর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। বিএ-১১৯৪০ লে. তাফসির মাহমুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সেনা সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও শৃঙ্খলার সঙ্গে অভিযান চালান।

অভিযানের সময় তল্লাশি চালিয়ে নাসির উদ্দিন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

স্থানীয়রা জানান, গভীর রাতেও সেনাবাহিনীর এমন দায়িত্বশীল টহল ও তৎপরতা এলাকায় অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখছে। পাহাড়ি ও সীমান্তবর্তী এই এলাকায় মাদক কারবার দীর্ঘদিন ধরে বড় একটি সমস্যা ছিল। তবে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর নিয়মিত উপস্থিতি ও কঠোর অভিযানের ফলে মাদক ব্যবসায়ী ও অপরাধচক্রের তৎপরতা অনেকাংশে কমে এসেছে। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থা তৈরি হয়েছে।

আটকের পর রাত ১২টা ৪৫ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনজুর আলম তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় নাসির উদ্দিনকে ১ বছর ১০ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের দ্রুত ও কার্যকর সিদ্ধান্তে আইন প্রয়োগের দৃঢ়তা প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দণ্ডাদেশ ঘোষণার পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আলীকদম থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে আলীকদম থানা পুলিশের সঙ্গীয় ফোর্সের মাধ্যমে তাকে বান্দরবান সদর আদালতে প্রেরণ করা হয়।

আটককৃত নাসির উদ্দিন (৩৫), পিতা মৃত আব্দুল কাদের। তিনি আলীকদম সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পানবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্গম পাহাড়ি জনপদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক নির্মূল এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় রেখে পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ও অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি