ফুলবাড়ীতে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

ফুলবাড়ীতে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


মোঃ জাকির হোসেন , ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
ফুলবাড়ীতে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলা ইশারা ভাষার ব্যবহার বৃদ্ধি ও বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলা ইশারা ভাষার ব্যবহার সম্প্রসারণ এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলা ইশারা ভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল—“ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার”।

আলোচনা সভায় উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফরমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়ালীউল্লাহ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান ও প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব।

বক্তারা বলেন, ইশারা ভাষা বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। এই ভাষার ব্যবহার নিশ্চিত করা হলে তারা সমাজের মূলধারায় আরও সক্রিয়ভাবে যুক্ত হতে পারবেন। প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন।

এছাড়াও আলোচনা সভায় উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয় এবং বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আজকালের কন্ঠ/ আর এস/জে