
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনি মহিলা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সভাপতি জনাবা লুৎফা আক্তার লিটা।
উঠান বৈঠকে নারীদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, শিক্ষার প্রসার, পরিবার ও সমাজ গঠনে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা এবং নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বক্তারা বলেন, একটি সুস্থ, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে নারীদের সচেতনতা, অংশগ্রহণ এবং দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, জনকল্যাণমূলক ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব এবং এতে নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
বৈঠকে উপস্থিত নারীরা তাদের মতামত ও প্রত্যাশা ব্যক্ত করেন এবং সমাজ ও দেশের উন্নয়নে নারীদের আরও সম্পৃক্ত হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা নারীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষক টীম বৈঠকে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষক টীম শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ উঠান বৈঠকের আয়োজন, নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগকে গুরুত্বের সঙ্গে লক্ষ্য করেন। তারা নির্বাচনকে ঘিরে এমন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশকে ইতিবাচক হিসেবে দেখেন।
বৈঠকটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। কর্মসূচির শেষে দেশ, জাতি ও জনগণের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক ও অংশগ্রহণমূলক কর্মসূচি নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজকালের কন্ঠ/ আর এস/জে
আপনার মতামত লিখুন :