সন্দ্বীপে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়, দ্বীপজুড়ে হতাশা | Daily AjKaler Kontho

সন্দ্বীপে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়, দ্বীপজুড়ে হতাশা


সন্দ্বীপ (চ্ট্টগ্রাম) প্রতিনিধি  প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৫, ৪:১৯ অপরাহ্ন
সন্দ্বীপে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়, দ্বীপজুড়ে হতাশা
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়নি। উপজেলার প্রায় সব কলেজেই পাশের হার আশঙ্কা জনকভাবে কমে গেছে। ফলে শিক্ষার্থী,অভিভাবক, শিক্ষক ও সচেতন মহলে গভীর হতাশা দেখা দিয়েছে।
সন্দ্বীপের বিভিন্ন কলেজের ফলাফল অনুযায়ী, সর্বোচ্চ পাশের হার পাওয়া মগধরা স্কুল অ্যান্ড কলেজের ফলাফলও মাত্র ৪৩.১০ শতাংশ। এরপর উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজে ৩৫.৭৮ শতাংশ, এম. আর. কলেজে ৩৪.৭৩ শতাংশ, আবুল কাসেম হায়দার মহিলা কলেজে ৩১.১৫ শতাংশ, সাউথ সন্দ্বীপ কলেজে ২৯.৩৪ শতাংশ, সরকারি হাজী আবদুল বাতেন কলেজে ১৯.১০ শতাংশ, এবং মডেল স্কুল অ্যান্ড কলেজে মাত্র ১২.৫০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
শিক্ষা বিশ্লেষকরা মনে করছেন, শিক্ষক-শিক্ষার্থীর অনাগ্রহ, ক্লাসে অনিয়মিত উপস্থিতি, অভিভাবকদের পর্যাপ্ত নজরদারির অভাব, মানসম্মত পাঠদানের ঘাটতি ও কলেজ পরিচালনা কমিটির নিষ্ক্রিয়তা—সব মিলিয়েই এই বিপর্যয়ের কারণ।
সচেতন মহল বলছেন,“সন্দ্বীপের শিক্ষার মান ক্রমেই নিচে নামছে। এখনই শিক্ষক,অভিভাবক, কলেজ প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একযোগে উদ্যোগ নিতে হবে। নয়তো ভবিষ্যতে আরও ভয়াবহ শিক্ষাব্যবস্থা ধসের মুখে পড়বে।”দ্বীপবাসী জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন,যাতে সন্দ্বীপের শিক্ষা ব্যবস্থায় আবারও প্রাণ ফিরে আসে।
আজকালের কন্ঠ/আর এস/এম