নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান আমাদের প্রত্যাশা ও সীমাবদ্ধতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান আমাদের প্রত্যাশা ও সীমাবদ্ধতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান আমাদের প্রত্যাশা ও সীমাবদ্ধতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

শিহাবুল ইসলাম শাহেদ, নজরুল বিশ্ববিদ্যালয় : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে “জুলাই গণঅভ্যুত্থান: আমাদের প্রত্যাশা ও সীমাবদ্ধতা” শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “যত বড় ত্যাগ, তত বড় অর্জন। ১৯৭১, ১৯৯০ বা ২০২৪— কোনো আন্দোলনই ত্যাগ ছাড়া সফল হয়নি। জুলাই আজ আমাদের একতা, সাহস ও প্রেরণার প্রতীক। এই চেতনা যেন আমাদের প্রতিটি কর্মে প্রতিফলিত হয়।”

তিনি আরও বলেন, “আগামীতে যে সরকারই ক্ষমতায় আসুক, যদি ৫ আগস্টের চেতনা থেকে বিচ্যুত হয়, তবে তাদেরও জনরোষের মুখে পড়তে হবে।” পাশাপাশি, জুলাই ২৪-এর ইতিহাস স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আসির ইনতিশারুল হকের পিতা আ.হ.ম. এনামুল হক লিটন এবং শহীদ মো. হৃদয় ইসলামের মাতা মাজেদা খাতুন। এনামুল হক লিটন বলেন, “আমার সন্তানের জীবনের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে—এটাই আমার সান্ত্বনা।” আর হৃদয় ইসলামের মা বিচার না পাওয়ার ক্ষোভ প্রকাশ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

আলোচনায় প্রধান বক্তা হিসেবে সিন্ডিকেট সদস্য ডা. মো. মাহবুবুর রহমান লিটন বলেন, “আমরা ভুলে যাওয়া জাতি, কিন্তু জুলাই ২৪ ভুলে গেলে চলবে না। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। এই অর্জন আমাদের রক্ষা করতেই হবে।”

আলোচনার শুরুতে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। কোরআন তেলাওয়াত করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম। জাতীয় সংগীত পরিবেশন করেন সংগীত বিভাগের শিক্ষার্থীরা।

আলোচনা শেষে ‘বৈষম্যের বিরুদ্ধে জুলাই চব্বিশ’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয় এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হুদা, অন্যান্য অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসাইন।

এর আগে সকাল ৯টায় নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে ঢাক-ঢোলের তালে বিজয় র‌্যালি বের করা হয়। এছাড়া বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল এবং সন্ধ্যায় মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়।

আজকালের কন্ঠ/আর বি/এস