নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী তীর্থ দাসকে হুইল চেয়ার হস্তান্তর | Daily AjKaler Kontho

নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী তীর্থ দাসকে হুইল চেয়ার হস্তান্তর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী তীর্থ দাসকে হুইল চেয়ার হস্তান্তর

শিহাবুল ইসলাম শাহেদ, নজরুল বিশ্ববিদ্যালয় : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী তীর্থ দাসকে রূপালী ব্যাংক এর দেয়া একটি অটোমেটিক হুইল চেয়ার হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

সোমবার (৪ আগস্ট ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রূপালী ব্যাংক পিএলসি’র সহায়তায় হুইল চেয়ারটি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম রূপালী ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অটোমেটিক এই হুইল চেয়ার পেয়ে তীর্থ দাস এখন থেকে নিজেই ক্লাসে যেতে পারবে, যা তার চলাচলকে সহজ করবে এবং তার মায়ের পরিশ্রমও কমিয়ে দেবে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এই ধরনের উদ্যোগগুলো আরও প্রসারিত করা প্রয়োজন। সেই সঙ্গে রূপালী ব্যাংক কর্তৃপক্ষকে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অ্যাম্বুলেন্স প্রদানের প্রতিশ্রুতিও দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা, রূপালী ব্যাংক ময়মনসিংহ জোনাল অফিসের ডিজিএম ও জোনাল ম্যানেজার নাসরিন সুলতানা, ত্রিশাল কর্পোরেট শাখার এজিএম মো. মাসুম, প্রিন্সিপ্যাল অফিসার মো. ইমরান হোসাইন এবং তীর্থ দাসের মা তাপসী রাণী দাস।

তীর্থের মা জানান, ছোটবেলা থেকেই তার সন্তান DMD (Duchenne Muscular Dystrophy) রোগে আক্রান্ত, যার স্থায়ী চিকিৎসা এখনো সম্ভব হয়নি। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রূপালী ব্যাংকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আজকালের কন্ঠ/রাহাত/শিহাবুল