জাবিতে কর্মরত শিক্ষক ৭১৭ জন, ছুটিতে ১১৩: জাবি উপাচার্য | Daily AjKaler Kontho

জাবিতে কর্মরত শিক্ষক ৭১৭ জন, ছুটিতে ১১৩: জাবি উপাচার্য


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৮, ২০২৫, ৬:৪১ অপরাহ্ন
জাবিতে কর্মরত শিক্ষক ৭১৭ জন, ছুটিতে ১১৩: জাবি উপাচার্য

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চলতি অর্থবছরে ৭১৭ জন কর্মরত শিক্ষকের মধ্যে ১১৩ জন শিক্ষক ছুটিতে রয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

শনিবার (২৮ জুন) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটের ৪২-তম বার্ষিক অধিবেশন পূর্ববর্তী শুভেচ্ছা ভাষণে এসব তথ্য জানান উপাচার্য।

এসময় জাবি উপাচার্য অধ্যাপক ড কামরুল আহসান বলেন, ‘বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ৭১৭জন, কর্মকর্তা ৩৮০ জন, তৃতীয় শ্রেণির কর্মচারী ৯৭০ জন এবং চতুর্থ শ্রেণির কর্মচারী ৫০৬ জন কর্মরত আছেন। উচ্চশিক্ষার জন্য ১০২ জন শিক্ষক ছুটিতে এবং ১১ জন শিক্ষক লিয়েন ছুটিতে রয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষক হিসাবে দায়িত্বে আছেন ৫২ জন। বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণিতে সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৬ শত ৯০ জন।’

তিনি বলেন, ‘বিগত শিক্ষাবর্ষে ১ হাজার ৬৭ জন শিক্ষার্থী স্নাতক (সম্মান), ১ হাজার ১ শত ৮২ জন শিক্ষার্থী স্নাতকোত্তর ৩ জন এমফিল এবং ৪৭ জন গবেষক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।’

তিনি আরো বলেন, ‘আমি অর্জিত ডিগ্রিধারীদের এই সিনেটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি তাঁরা কর্মক্ষেত্রে মেধা, দক্ষতা এবং প্রজ্ঞায় অর্জিত ডিগ্রির মান সমুন্নত রাখবেন।’

উল্লেখ্য শনিবার (২৮ জুন) বিকেল ৩ টায় সিনেটের নিয়মিত অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও কোরাম পূর্ণ না হওয়ায় ১ ঘন্টা পিছিয়ে বিকেল ৪ টা থেকে তা শুরু হয়।

আজকালের কন্ঠ/রাহাত/ইমন