বাউফলে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা নিতে প্রস্তুতি সভা | Daily AjKaler Kontho

বাউফলে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা নিতে প্রস্তুতি সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৪, ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন
বাউফলে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা নিতে প্রস্তুতি সভা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে এইচএসসি ও সমমান পরীক্ষা নকল মুক্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার (২৪ জুন) বেলা ১১টায় বাউফল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম।

জানা গেছে, এ বছর আগামী ২৬ জুন এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী।এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার্থী ১০ লাখ ৫৫ হাজারের বেশি। গতবারের তুলনায় যা প্রায় ৭৩ হাজার কম। আলিমে এবার পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজারের বেশি। দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা।

বাউফল উপজেলার ১০ কেন্দ্র ও ৭ ভেনুতে এইসএসসি ও সমমান পরীক্ষায় এবার ৪৪৬৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবে। প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, “শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হলে পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখা অপরিহার্য। নকলমুক্ত পরিবেশ গড়ে তুলতে প্রশাসন, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

” সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র প্রধানগণ অংশগ্রহণ করেন। বক্তারা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন এবং পরীক্ষা কেন্দ্রগুলোর পরিবেশ সুরক্ষায় প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/রাহাত/হারুন