হঠাৎ সীমান্তে অনুপ্রবেশ নিয়ে কেন সোচ্চার মমতা, কী বলছে বিজেপি | Daily AjKaler Kontho

হঠাৎ সীমান্তে অনুপ্রবেশ নিয়ে কেন সোচ্চার মমতা, কী বলছে বিজেপি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
হঠাৎ সীমান্তে অনুপ্রবেশ নিয়ে কেন সোচ্চার মমতা, কী বলছে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক : মালদহে বিএসএফের সঙ্গে পুলিশ অ্যাডজাস্ট করে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (২ জানুয়ারি) কলকাতায় এক প্রশাসনিক বৈঠকে এমন মন্তব্য করেন মমতা।

শনিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে ডয়চে ভেলে জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতায় প্রশাসনিক বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে রাজ্যের মন্ত্রীরাসহ পুলিশ ও প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিরাও ছিলেন।

প্রতিবেদন অনুসারে, বৈঠকে মমতা বলেন, মালদহে বিএসএফের সঙ্গে পুলিশ অ্যাডজাস্ট করে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে। পরে তিনি নিজের বক্তব্য সংশোধন করে বলেন, ‘পুলিশ নয়, বিএসএফ অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে। ইসলামপুর, সিতাই, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে। আর পুলিশ তাদের কিছু বলছে না। সমঝোতা করছে। ’

ডয়চে ভেলে জানিয়েছে, বৈঠকে মমতা আরও বলেন, ‘বাংলাকে (পশ্চিমবঙ্গ) বদনাম করার জন্য বিএসএফকে দিয়ে কেন্দ্র এই কাজ করাচ্ছে। এটা কেন্দ্রীয় সরকারের ব্লু প্রিন্ট। বর্ডার দিয়ে গুণ্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে। ওরা খুন করতে আসছে। আমার রাজ্যে জঙ্গি হামলাকে মদদ দিলে প্রতিবাদ করতেই হবে।’

বৈঠকে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ অভিযোগ করেন, ‘দিল্লি পুলিশ এসে পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে খোঁজ-খবর নিয়ে গেছে। ’

তার এই অভিযোগের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘দিল্লি পুলিশ কেন এসেছিল? তারা কি রাজ্য পুলিশের অনুমতি নিয়েছিল? অনুমতি ছাড়া অন্য রাজ্য থেকে পুলিশ এসে এ রাজ্যে যা খুশি তাই করছে কী করে? পুলিশ সুপার কেন রাজ্য পুলিশের ডিজিকে জানাননি?’

তবে এ বিষয়ে পুলিশ সূত্র জানিয়েছে, নিয়ম হলো অন্য রাজ্য থেকে পুলিশ এলে আগে থেকে রাজ্য পুলিশকে নিয়মমাফিক জানাতে হয়। সেই নিয়ম মেনেই পুলিশ সাধারণত কাজ করে।

মমতার বক্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘ভারত ও বাংলাদেশের সীমান্তে যাতায়াত নিয়মমাফিক হচ্ছে। যারা নিয়ম মানছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। যেসব নিরাপত্তারক্ষী ও সেনা সীমান্তে আছেন, তাদের কাজই হলো আইনকে রক্ষা করা। ’

এছাড়া ভুয়া পাসপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতীয় পাসপোর্ট ভারতীয় নাগরিকদের জন্যই। এর কোনও বিচ্যূতি হলে কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়, ভবিষ্যতেও নেবে।’’

মমতার এই বক্তব্যের বিষয়ে বিজেপি নেতা সৌরভ শিকদার বলেছেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন, রাজ্য সরকারের ব্যর্থতার জন্য পশ্চিমবঙ্গ তো অনেক দিন ধরেই জঙ্গিদের স্বর্গরাজ্য ও আশ্রয়স্থলে পরিণত হয়েছে। তারা সীমান্ত পেরিয়ে আসে। তৃণমূলের পঞ্চায়েত বা অন্যদের সাহায্য নিয়ে পরিচয়পত্র থেকে পাসপোর্ট হয়ে যায়। মুখ্যমন্ত্রী নিজের ব্যর্থতা ঢাকতে বিএসএফ ও পুলিশের দিকে আঙুল তুলেছেন।’