সিরাজগঞ্জে হেলিকপ্টারে চড়িয়ে ২৮ ক্ষুদে শিক্ষার্থীকে সংবর্ধনা | Daily AjKaler Kontho

সিরাজগঞ্জে হেলিকপ্টারে চড়িয়ে ২৮ ক্ষুদে শিক্ষার্থীকে সংবর্ধনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন
সিরাজগঞ্জে হেলিকপ্টারে চড়িয়ে ২৮ ক্ষুদে শিক্ষার্থীকে সংবর্ধনা

আজকালের কন্ঠ ডেস্ক : পঞ্চম শ্রেণিতে বৃত্তি এবং ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করায় হেলিকপ্টারে চড়ে আকাশে উড়ার সুযোগ পেয়েছে ২৮ কৃতী শিক্ষার্থী। আকাশ থেকে নিজের শহর ও নদী দেখার সুযোগ পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা।গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের শাহিন স্কুলের পক্ষ থেকে হেলিকপ্টারে ঘুরানো হয় ওই কৃতি শিক্ষার্থীদের।

জানা গেছে, বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় দূর আকাশ থেকে হেলিকপ্টার এসে নামল স্টেডিয়াম মাঠে। বিশেষ কোনো ব্যক্তির আগমন বা কোনো বিয়েকে ঘিরে এ আয়োজন নয়। বরং হেলিকপ্টার নিয়ে আসা হয়েছে ক্ষুদে মেধাবী শিক্ষার্থীদের আকাশ ভ্রমণের জন্য। আর ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করে সিরাজগঞ্জের শাহীন শিক্ষা পরিবার। এতে শিক্ষার্থীদের মাঝে উল্লাসের কমতি ছিল না।

এদিন সকালে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ছিল শাহীন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। সকাল থেকেই শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এর মাঝে দুপুরের দিকে শোনা যায় হেলিকপ্টারের আওয়াজ। আকাশ থেকে মাঠে অবতরণ করে হেলিকপ্টারটি। আর এ সময় হেলিকপ্টারটি দেখতে ছুটে আসে শিক্ষার্থী ও উৎসুক জনতা। এরপর চারজন করে পর্যায়ক্রমে ২৮ শিক্ষার্থীকে হেলিকপ্টারে উড়িয়ে বঙ্গবন্ধু সেতু, যমুনা নদী ও সিরাজগঞ্জ শহর দেখানো হয়।

২০২৩ সালে এসিএফ ফাউন্ডেশন বৃত্তি প্রাপ্ত বিভিন্ন শ্রেণির ২৪ জন এবং ক্যাডেট পরীক্ষায় উত্তীর্ণ চারজনসহ মোট ২৮ জন শিক্ষার্থীকে হেলিকপ্টারে উড়িয়া সংবর্ধনা দেয়া হয়।