নেত্রকোনার কলমাকান্দায় দোকানে আগুন, ১০ লাখ টাকার ক্ষতি | Daily AjKaler Kontho

নেত্রকোনার কলমাকান্দায় দোকানে আগুন, ১০ লাখ টাকার ক্ষতি


সুশীল আচার্য্য,নেত্রকোনা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৬, ৬:০৯ অপরাহ্ন
নেত্রকোনার কলমাকান্দায় দোকানে আগুন, ১০ লাখ টাকার ক্ষতি

নেত্রকোণার কলমাকান্দায় একটি মনোহারি দোকানে আগুনে মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানমালিক।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের আমগড়া বাজারে এ ঘটনা ঘটে।,দ

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানটির নাম ‘মা ভ্যারাইটিস স্টোর’। দোকানমালিক সুজন মিয়া (৪৫) আমগড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১টা থেকে দেড়টার মধ্যে দোকানটিতে আগুন লাগে। বাজারের নৈশপ্রহরী আবুল কাসেম প্রথম আগুন দেখতে পান। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। এ সময় দোকানের পাশের গুদামঘরে ঘুমিয়ে থাকা কর্মচারী আশিকও জেগে উঠে আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

দোকানমালিক সুজন মিয়া জানান, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। পরে রাত পৌনে ২টার দিকে আগুনের খবর পেয়ে বাজারে এসে স্থানীয়দের সহায়তায় শাটার খুলে পানি দিয়ে আগুন নেভান। তার অভিযোগ, দুর্বৃত্তরা দোকানের শাটারের নিচ দিয়ে বাঁশের কঞ্চির সঙ্গে কাপড় পেঁচিয়ে তাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে শুক্রবার সকালে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) জুনায়েদ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। কিভাবে আগুন লাগার ঘটনা হয়েছে তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।