সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আনিচুর, কারাগারে প্রেরণ | Daily AjKaler Kontho

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আনিচুর, কারাগারে প্রেরণ


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আনিচুর, কারাগারে প্রেরণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সহ-সম্পাদক মোঃ আনিচুর রহমান আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) দিনাজপুর শহরের একটি মেসে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে দিনাজপুর সদর থানা পুলিশ। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে গত ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (২০১৩ সালের সংশোধনীসহ)-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা নেতা আনিচুর রহমান আকাশকে ৩ নম্বর আসামি করা হয়।

মামলার সূত্র ধরে দিনাজপুর শহরের একটি মেসে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে দিনাজপুর সদর থানা পুলিশ।

গ্রেপ্তার আনিচুর রহমান আকাশ নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সহ-সম্পাদক। তিনি ফুলবাড়ী উপজেলার কুটি চন্দ্রখানা গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আনিচুর রহমান আকাশকে দিনাজপুর সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।