
লক্ষ্মীপুরের রায়পুরে স্থানীয় লোকজনের হাতে আটক নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুনের’ সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই ঘটনায় তাঁর সহযোগী জাহেদুল ইসলাম জাবেদের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এর আগে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামুনের প্রকৃত পরিচয় শনাক্ত হয়। পুলিশের দাবি, পরিচয় গোপন করে প্রায় দুই মাস ধরে রায়পুরের একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন তিনি। ওই বাসার উঠানের মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছিল ১১টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন মামুনকে আটক করেন। এ সময় পালানোর চেষ্টা করে তিনি একটি ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ রয়েছে। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটকের পর মামুন নিজের নাম সাইফুল ইসলাম সুজন এবং বাড়ি ভোলা সদর বলে পরিচয় দেন। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। গত ১৭ নভেম্বর আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রায়পুর থানায় জিজ্ঞাসাবাদে তাঁর প্রকৃত পরিচয় বেরিয়ে আসে। তিনি নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য।
পুলিশ জানায়, মামুনের ভাড়া বাসার উঠানের মাটির নিচে গর্ত খুঁড়ে লুকিয়ে রাখা হয়েছিল ১১টি আইইডি। গত ১২ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিষ্ক্রিয় করে। বিস্ফোরক আইনে করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলার তথ্য পাওয়া গেছে। তাঁকে পুলিশের স্পেশাল রেসপন্স টেররিজম ইউনিটের (এসআরইউ) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, মামুন প্রায় দুই মাস ধরে পরিচয় গোপন করে ওই বাসায় বসবাস করছিলেন। তাঁর সঙ্গে এক নারী ও এক পুরুষ থাকতেন। বাড়ির মালিককে তাঁরা চর এলাকায় পোলট্রি খামার করার কথা জানিয়েছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার হয়েছিলেন মামুন। সে সময় তাঁর বয়স ছিল ২১ বছর। ঢাকার একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন পুলিশের পক্ষ থেকে তাঁকে নব্য জেএমবির শুরা কাউন্সিলের সদস্য হিসেবে উল্লেখ করা হয়। পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫ সালের ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে বোমা তৈরি ও বিস্ফোরণের ঘটনায় মামুন এবং তাঁর সহযোগী মোহাম্মদ আরিফ ওরফে ইমরানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণ এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যাত্রাবাড়ীতে পুলিশের তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনার তথ্যও তদন্তে এসেছে বলে জানা গেছে।
পাঁচ দিনের রিমান্ড শেষে গত শনিবার মামুনকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। পরে আদালত মূল আসামি নাজমুল হাসান মামুনের সাত দিন এবং তাঁর সহযোগী জাহেদুল ইসলাম জাবেদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নতুন করে রিমান্ডে জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া বিস্ফোরক, তাঁদের রায়পুরে অবস্থানের উদ্দেশ্য, সহযোগীদের পরিচয় এবং দেশের বিভিন্ন স্থানে সংঘটিত বিস্ফোরণের ঘটনার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখবে পুলিশ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :