হিলিতে ৮ বছরের ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী মামা গ্রেপ্তার | Daily AjKaler Kontho

হিলিতে ৮ বছরের ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী মামা গ্রেপ্তার


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
হিলিতে ৮ বছরের ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী মামা গ্রেপ্তার

দিনাজপুরের হিলিতে শরীর ও পা টিপে দেওয়ার কথা বলে ৮ বছর বয়সী এক ভাগ্নিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মামার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মামা তাজেল তালুকদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার রাতে উপজেলার বোয়ালদাড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার তাজেল তালুকদার ওই গ্রামের মৃত মইনুদ্দিন তালুকদারের ছেলে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম জানান, শিশুটির মা জীবিকার তাগিদে গত দেড় বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। অন্যদিকে, শিশুটির বাবা ও দাদা পোশাক কারখানায় কাজের সুবাদে ঢাকায় থাকেন। এ কারণে শিশুটিকে তার আরেক বোনসহ মামা তাজেল তালুকদারের বাড়িতে রেখে যান মা-বাবা। এরপর থেকে দুই বোন মামার বাড়িতে পাশাপাশি কক্ষে থাকত।

ওসি আরও জানান, মা-বাবার অনুপস্থিতির সুযোগ নিয়ে তাজেল শরীর ও পা টিপে দেওয়ার কথা বলে শিশুটিকে কৌশলে নিজের ঘরে ডেকে নেন। পরে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

তিনি জানান, রবিবার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে শিশুটিকে ধর্ষণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর অভিযুক্ত তাজেল তালুকদারকে আটক করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় শিশুটির দাদা বাদী হয়ে তাজেল তালুকদারের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন।

পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রবিবার দুপুরে গ্রেপ্তার তাজেল তালুকদারকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি