
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ২ নম্বর গোলখালী ইউনিয়ন পরিষদের সদস্য আকন মো. আবু সাঈদকে ওই ইউনিয়নের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এই সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় বিএনপি, গণঅধিকার পরিষদের নেতাকর্মী এবং সাধারণ এলাকাবাসীর ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন থেকে নবনিযুক্ত প্রশাসককে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করেন, মো. আবু সাঈদ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলটির পদধারী নেতা ছিলেন। সরকার পতনের পর তিনি ওই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং সম্প্রতি তাকে পুনরায় ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদে বিগত সরকারের সাথে সংশ্লিষ্ট কাউকে তারা দায়িত্বে দেখতে চান না। যাদের সহযোগিতায় এই নিয়োগ দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থানের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
এ সময় অবিলম্বে বর্তমান প্রশাসকের নিয়োগ বাতিল করে নতুন করে একজন যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :