পায়রা সেতুতে টোল চাওয়ায় সুপারভাইজারকে পিটিয়ে আহত করার অভিযোগ | Daily AjKaler Kontho

পায়রা সেতুতে টোল চাওয়ায় সুপারভাইজারকে পিটিয়ে আহত করার অভিযোগ


দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
পায়রা সেতুতে টোল চাওয়ায় সুপারভাইজারকে পিটিয়ে আহত করার অভিযোগ

পায়রা সেতুর টোল প্লাজায় তিনটি টয়োটা জিপের টোল দাবি করায় দায়িত্বে থাকা এক সুপারভাইজারকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে বরিশাল বিভাগীয় মালিক সমিতি ও বিভাগীয় শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে টোল আদায়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, বরিশাল বিভাগীয় মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতা তিনটি টয়োটা জিপ নিয়ে পায়রা সেতুর টোল প্লাজায় পৌঁছালে টোল আদায়কারীরা গাড়িগুলো থামিয়ে টোল দাবি করেন। এ সময় গাড়িগুলো টোলমুক্ত দাবি করে কাউন্টারের টোল কালেক্টর চঞ্চল সরকারের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাঁরা চঞ্চল সরকারকে গালাগাল ও হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় চিৎকার-চেঁচামেচি শুনে দায়িত্বে থাকা সুপারভাইজার আউয়াল এগিয়ে গেলে তাঁর ওপর চড়াও হন কয়েকজন। পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের নেতৃত্বে তাঁকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মেরে আহত করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে অভিযুক্তরা গাড়ি নিয়ে বরিশালের দিকে চলে যান।

আহত সুপারভাইজার আউয়াল বলেন, তিনটি গাড়ির টোল দাবি করায় তাঁকে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করা হয়েছে। বিষয়টি তিনি টোল আদায়ের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান বেস্ট ইস্টার্ন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে পায়রা সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠানের ডিরেক্টর অপারেশন সজল বিশ্বাস বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাঁদের অনুমতি পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার। তিনি বলেন, মারধরের কোনো ঘটনা ঘটেনি। তাঁদের সঙ্গে শুধু কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। তাঁর দাবি, গাড়িগুলো সড়ক ও জনপথ বিভাগের কাছ থেকে টোলমুক্ত করা ছিল। টোলমুক্ত গাড়ি আটকে দেওয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি