
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বরিশাল মহানগরীর শংকর মঠ পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) তিনি পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় বিএমপি কমিশনার কর্তব্যরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সিসি ক্যামেরা স্থাপনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।
পরিদর্শনকালে বরিশালের বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরীর পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :