
ময়মনসিংহের ভালুকায় কৃষিজমিতে কাজ করতে গিয়ে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার খারুয়ালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খারুয়ালী গ্রামের আজিদ আকন্দের ছেলে মো. শাহাবউদ্দিন আকন্দ (৬৫) এবং একই গ্রামের মজিদ আকন্দের ছেলে মো.ধনু আকন্দ (৬০)। তাঁরা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধনু আকন্দ কৃষিজমিতে কাজ করতে গেলে মাটিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের একটি ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি দেখে তাঁকে উদ্ধারে এগিয়ে আসেন চাচাতো ভাই শাহাবউদ্দিন আকন্দ। এ সময় তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। দুই প্রবীণ ব্যক্তির আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে খারুয়ালী গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) এসএম নাসির উদ্দীন মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্তে ডিজিএম ওয়ালিউর রহমানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :