রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ | Daily AjKaler Kontho

রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ


কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৮:২০ অপরাহ্ন
রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ

সড়কের উন্নয়নকাজ যথাযথভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। একই সঙ্গে মুরাদনগরে কেউ চাঁদা বা ঘুষ দাবি করলে থানায় সোপর্দ অথবা বিষয়টি তাকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

আজ ২৬ সেপ্টেম্বর সকালে মুরাদনগর-রামচন্দ্রপুর-বাঞ্ছারামপুর সড়কের মুরাদনগর-রামচন্দ্রপুর অংশের ৫২ কোটি টাকার সড়ক উন্নয়নকাজের ভার্চ্যুয়াল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, “যে ভাই ঠিকাদারের কাজ পেয়েছেন তাঁকে অনুরোধ করব সড়কের কাজটা সঠিকভাবে করবেন। মুরাদনগরের কাউকে চাঁদা দিতে হবে না, কাউকে ঘুষ দিতে হবে না। যদি কেউ চাঁদা চায়, ঘুষ চায় তাকে থানায় সোপর্দ করবেন। আর না হয় আমাকে জানাবেন। মুরাদনগর হবে চাঁদাবিহীন মুরাদনগর, ঘুষবিহীন মুরাদনগর, দুর্নীতিমুক্ত মুরাদনগর।”

তিনি বলেন, “আল্লাহর রহমতে আমাদের তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন বলেই আজ এ সড়কটি সংস্কার কাজ হচ্ছে। মুরাদনগরে এ কয়েক মাসেই অনেকগুলো রাস্তা সংস্কার ও প্রশস্ত করার সুযোগ করে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান।” তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে নেক হায়াত ও সুস্বাস্থ্য দান করেন এবং সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করেন’।

ধর্মমন্ত্রী বলেন, “আল্লাহ কুদরতিভাবে আমাকে মামলা থেকে মুক্ত করে ইজ্জত সহকারে দেশে নিয়ে এসেছেন। আপনারা আবার আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আল্লাহ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আপনারা আমাকে মাননীয় মন্ত্রী বলবেন না, আমি আপনাদের খাদেম । ছয়বার আমাকে নির্বাচিত করেছেন আপনাদের কাজ করার জন্য। আমি আপনাদের কাজ করে যাচ্ছি, কাজ করে যাব যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে।”

মন্ত্রী বলেন, “কোম্পানিগঞ্জ-নবীনগর সড়ক ছাড়া এই রাস্তাটাসহ সড়ক ও জনপথের আওতায় মুরাদনগরের সকল রাস্তা আল্লাহ পাক আমাকে দিয়ে করিয়েছেন। স্বৈরাচার আমলে হয়েছে এমন কোনো রাস্তা কেউ দেখাতে পারবে না। তারা আগের সড়কগুলোর সংস্কারও করেননি।”

দুর্নীতি, অন্যায় ও মাদকমুক্ত মুরাদনগর গড়ার প্রত্যয় ব্যক্ত করে ধর্মমন্ত্রী বলেন, “আমি চাই দুর্নীতিমুক্ত মুরাদনগর গড়তে, আমি চাই অন্যায়মুক্ত মুরাদনগর গড়তে, আমি চাই মাদকমুক্ত মুরাদনগর গড়তে। আমি এমন একটি মুরাদনগর চাই, যে মুরাদনগর হবে সাধারণ মানুষের মুরাদনগর, গরিব মানুষের মুরাদনগর। এটা ছাড়া আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই।”

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন বলেন, ‘একসময় সড়কটি মূলত একটি আঁকাবাঁকা আইল ছিল। কাদা-পানিতে ভরপুর সেই জায়গায় ১০ কিলোমিটার দীর্ঘ ও ১৮ ফুট প্রশস্ত সড়ক করেন আমাদের বর্তমান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। কিন্তু সংস্কারের অভাবে সড়কটির বেহাল দশা হয়েছিল। তার হাত ধরেই সড়কটির সংস্কারকাজ শুরু হলো, তিনিই আবার আজ সংস্কারকাজের উদ্বোধন করলেন।’

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন জানান, ‘সড়কটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত ছিল, অধিকাংশ জায়গা ভেঙে পড়েছিল। মানুষ চলাচল করতে কষ্ট হতো। প্রায়ই গাড়ি উল্টে দুর্ঘটনার শিকার হতো। আজ সড়ক সংস্কারের উদ্বোধনে মানুষের দুঃখ-কষ্ট লাঘব হবে।’

উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা।

আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, ধর্মমন্ত্রীর উন্নয়ন কর্মকর্তা সৈয়দ শরীফ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজকালের কন্ঠ/আর বি