বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় আফ্রিকান নাগরিক ও বাইক চালক নিহত | Daily AjKaler Kontho

বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় আফ্রিকান নাগরিক ও বাইক চালক নিহত


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় আফ্রিকান নাগরিক ও বাইক চালক নিহত

রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজন রাইড শেয়ারিং চালক এবং অপরজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও সিয়েরা লিওনে পশ্চিম আফ্রিকার নাগরিক।

নিহতরা হলেন— রাইড শেয়ারিং চালক মো. খালেদ সাইফুল্লাহ (৩৮) ও শিক্ষক মাইকেল (৩৬)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে বনানী থানাধীন আমতলী মোড় ট্রাফিক পুলিশ বক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনানী থানার উপ-পরিদর্শক (এস আই) মো. তারেক হোসেন জানান, শুক্রবার রাত আনুমানিক ১১ টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ‘আলোকি ওয়াও ফেস্ট’ প্রোগ্রামের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মাইকেল। এ সময় তার মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে সহকর্মী ফারহানার মোবাইল দিয়ে উবার অ্যাপের মাধ্যমে একটি মোটরসাইকেল কল করেন। পরে খালেদ সাইফুল্লাহর মোটরসাইকেলে করে মিরপুরের বাসায় ফেরার পথে বনানীর আমতলী এলাকায় এ দুর্ঘটনার শিকার হন তারা। কাকলীগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান [ঢাকা মেট্রো ল-৫১-৪৫২২] মোটরসাইকেলটিকে পেছন থেকে আসা দ্রুত গতিতে এবং বেপরোয়া সেই কাভার্ডভ্যানটি ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরোও জানান, আমরা খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে আমতলী মোড়ের পশ্চিম পাশের পাকা রাস্তা থেকে দুজনের মরদেহ উদ্ধার কররে সকল আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য আজ দুপুরের দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত খালেদ সাইফুল্লাহ নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার তরিক উল্লাহর ছেলে। অপরদিকে নিহত মাইকেল (পশ্চিম আফ্রিকার) সিয়েরা লিওনের নাগরিক। তিনি রাজধানীর মিরপুর-২ নম্বরের জনতা হাউজিং এলাকায় থাকতেন এবং কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে সাংবাদিকতা বিষয়ে শিক্ষকতা করতেন।

আজকালের কন্ঠ/আর বি