
নিরাপদ খাদ্য ও প্রাণিজ আমিষের নিশ্চয়তায় পোল্ট্রি খাতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধ এবং খাদ্যের গুণগত মান বজায় রাখতে খামারিদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরিশালের ব্র্যাক লার্নিং সেন্টারে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপাচার্য বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনের সঙ্গে জনস্বাস্থ্য ও প্রাণিজ আমিষের চাহিদা পূরণের বিষয়টি সরাসরি সম্পৃক্ত। তাই পোল্ট্রি খামারে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধের পাশাপাশি খাদ্য ও উৎপাদন ব্যবস্থাপনায় মানসম্মত পদ্ধতি অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে খামারিদের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রফেসর ড. মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সিরাজুল হক ও সাধারণ সম্পাদক মো. ফয়েজুর রহমান।
কর্মশালায় পবিপ্রবির শিক্ষকবৃন্দ, বৃহত্তর বরিশাল অঞ্চলের প্রান্তিক পোল্ট্রি খামারিরা, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন। কর্মশালায় নিরাপদ খাদ্য উৎপাদন, অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার এবং পোল্ট্রি খাতের গুণগত মান উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :