ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান | Daily AjKaler Kontho

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান


মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের পেয়ারাচত্বরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত র‍্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। পরে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

র‍্যালিতে ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং বাসাবাড়ি ও আশপাশের পরিবেশে জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক জুলিয়া সুকায়না, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

র‍্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

আজকালের কন্ঠ/আর বি