
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি :পটুয়াখালীর মহিপুরে কৃষকদের উৎপাদিত পরিবেশবান্ধব ভার্মি কম্পোস্ট ও জৈব কৃষিপণ্যের প্রদর্শনী ও বিক্রয়ের জন্য একটি স্থায়ী কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। টেকসই কৃষি, স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন এবং কৃষকদের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে মহিপুর কারিতাস অফিস প্রাঙ্গণে এ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কারিতাস বরিশাল অঞ্চল, প্রয়াস প্রকল্পে’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক, মিস্টার ফ্রান্সিস বেপারী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “জৈব সার ও কৃষিপণ্য ব্যবহারে যেমন মাটির উর্বরতা বৃদ্ধি পায়, তেমনি কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পেতে সক্ষম হন। এই প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র কৃষকদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কারিতাসের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মসূচি কর্মকর্তা, মিস্টার সম্রাট সেরাও। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপকূলীয় মান উন্নয়ন সংস্থা (সিকোডা)-এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান, একরাব প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিস্টার জর্জ বৈরাগী এবং এলসিএমও-আইডিপিডিসি প্রকল্পের মি. মংম্যা প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কৃষকরা ভার্মি কম্পোস্ট ও জৈব কৃষিপণ্য উৎপাদন করলেও সঠিক বাজারজাতকরণে নানা সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। ন্যায্য মূল্য নিশ্চিত ও বাজার সম্প্রসারণে এই প্রদর্শনী ও বিপণন কেন্দ্র একটি যুগোপযোগী উদ্যোগ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে ভোক্তারাও সরাসরি কৃষকের কাছ থেকে বিশুদ্ধ ও স্বাস্থ্যকর কৃষিপণ্য কেনার সুযোগ পাবেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে প্রয়াস প্রকল্পের আওতায় ১২ জন দরিদ্র নারী উদ্যোক্তার মাঝে অর্থনৈতিক সচ্ছলতার জন্য বীজ ভান্ডার স্থাপনে ১৫ হাজার ৫০০ টাকার সহায়তার চেক বিতরণ করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিতাস প্রয়াস প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ জামাল হোসেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে কৃষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এবং জৈব কৃষিকে আরও জনপ্রিয় করে তুলবে।
আজকালের কন্ঠ/আর এস/মিজান
আপনার মতামত লিখুন :