অর্থের অভাবে থেমে নেই স্বপ্ন-জবি শিক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা রবিউল আউয়াল | Daily AjKaler Kontho

অর্থের অভাবে থেমে নেই স্বপ্ন-জবি শিক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা রবিউল আউয়াল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১২, ২০২৫, ৭:১৯ অপরাহ্ন
অর্থের অভাবে থেমে নেই স্বপ্ন-জবি শিক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা রবিউল আউয়াল

জবি প্রতিনিধি : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম চলছে জোরেশোরে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আসছেন এ ক্যাম্পাসে। কিন্তু মেধা থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী অর্থের অভাবে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারছেন না। এমন সংকটকালে তাদের পাশে দাঁড়িয়েছেন একদল মানবিক মানুষ—তাদের অন্যতম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল।

অর্থসংকটে থাকা শিক্ষার্থীদের সহায়তা করতে নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন রবিউল। এখন পর্যন্ত পাঁচজন মেধাবী শিক্ষার্থীর ভর্তি কার্যক্রমে তিনি সহযোগিতা করেছেন। ভর্তি ফি পরিশোধ থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ—সবখানেই তিনি রেখেছেন কার্যকর সহায়তার হাত।

সম্প্রতি নীলফামারীর মেধাবী শিক্ষার্থী মো. শফিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ২৫৪তম হয়ে ইতিহাস বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পান। কিন্তু আর্থিক অনটনের কারণে তার উচ্চশিক্ষার স্বপ্ন থমকে যেতে বসেছিল। এমন মুহূর্তে রবিউল আউয়ালের সহায়তায় শফিক আবারও ফিরে পান আশার আলো।

শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর বিষয়ে রবিউল আউয়াল বলেন, “সবার জন্য শিক্ষা—এই মূলনীতিকে ধারণ করেই আমরা এগিয়ে চলেছি। আমাদের ভাই-বোনেরা যেন অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যে ছাত্রদলের মানবিক সহায়তা কার্যক্রম চালু রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এ উদ্যোগের পেছনে রয়েছে শিক্ষার্থীবান্ধব নেতা, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দিকনির্দেশনা।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেই জানিয়েছেন, ক্যাম্পাসে নতুন কেউ বিপদে পড়লে রবিউল আউয়াল সবার আগে তার পাশে দাঁড়ান। এমন মানবিক ছাত্রনেতা সমাজে বিরল।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী শফিক ইসলাম বলেন, “আমি চিরকৃতজ্ঞ। আমার মতো অনেকেরই এমন সহায়তা প্রয়োজন। যারা নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ান, তারাই আসল সমাজনেতা।”