এবার কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের | Daily AjKaler Kontho

এবার কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
এবার কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : এবার কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাসিত অভিবাসীদের বহনকারী দুটি মার্কিন সামরিক বিমানকে তার দেশে অবতরণে বাধা দেওয়ার পর এই হুমকি দিলেন ট্রাম্প।

আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এর আগে রোববার (২৬ জানুয়ারি) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসা সব পণ্যের ওপর ‘অবিলম্বে’ অতিরিক্ত শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এক সপ্তাহের মধ্যে শুল্ক ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করা হবে।

শুধু তাই নয়, কলম্বিয়ার সরকারি কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবেন বলেও হুমকি দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে তাদের তাৎক্ষণিক ভিসাও বাতিল করা হবে।

ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেছেন, তিনিও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫ শতাংশ ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপ করবেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পেট্রো লেখেন, ‘আপনার নিষেধাজ্ঞাকে আমরা ভয় পাই না।’

এর আগে রোববার নির্বাসিত অভিবাসীদের বহনকারী দুটি মার্কিন সামরিক বিমান কলম্বিয়ায় অবতরণ করতে বাধা দেন প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। তিনি বলেন, ‘আমাদের নাগরিকদের সঙ্গে অপরাধীর মতো আচরণ করবেন না। অভিবাসীদের মর্যাদা ও সম্মানের সঙ্গে ফিরিয়ে দিতে হবে।’