
আজকালের কন্ঠ ডেস্ক : ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগে ভালো ফলাফল অর্জনকারী দুই শিক্ষার্থীকে স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেছে শিক্ষাব্রতী দাতব্য প্রতিষ্ঠান এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এগারো বারের মতো এ স্বর্ণপদক দেয়া হলো।
রবিবার দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজের শহর শাখায় ২০২০ সালের স্নাতকোত্তর পরীক্ষায় গণিতে রাজেন্দ্র কলেজ থেকে শ্রেষ্ঠ ফল লাভের জন্য এ বছর এক ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ ১৫ হাজার টাকা পুরস্কার পান তানজিয়া আক্তার। ২০২১ সালে অনুষ্ঠিত স্নাতক পর্যায়ের পরীক্ষায় শ্রেষ্ঠ ফল অর্জনকারী হিসাবে সম পরিমান স্বর্ণের পদক ও নগদ ১০ হাজার টাকা পুরস্কার লাভ করেন সুমি খাতুন।
কলেজের গণিত বিভাগের প্রধান অধ্যাপক মোঃ হায়দার মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা। বক্তব্য রাখেন এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা টি রহমান ও মাহফুজুল আলম মিলন, ফরিদপুর প্রেসক্লাবের আহ্বায়ক প্রফেসর মোঃ শাহজাহান, প্রফেসর শিপ্রা রায়, প্রফেসর রমা সাহা, সাংবাদিক পান্না বালা প্রমুখ।
আপনার মতামত লিখুন :