নতুন শিক্ষাক্রমে ত্রুটির ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ : প্রধানমন্ত্রী | Daily AjKaler Kontho

নতুন শিক্ষাক্রমে ত্রুটির ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ : প্রধানমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৪, ৬:৩৩ অপরাহ্ন
নতুন শিক্ষাক্রমে ত্রুটির ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ : প্রধানমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : নতুন শিক্ষাক্রমে কোনো ত্রুটি বা তথ্যগত বিষয় নিয়ে আলোচনা হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে নিজ কার্যালয়ে সচিব সভার বৈঠকে এ নির্দেশ দেন তিনি। সভা শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংকালে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

নতুন পাঠ্যক্রম রচনার ব্যাপারে খুব বেশি প্রশিক্ষিত লোক নেই জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব এ সময় বলেন, নতুন যে শিক্ষাক্রম নেওয়া হয়েছে তা প্রচলিত শিক্ষাক্রম নয়। তা থেকে ভিন্ন কিছু। এই বাস্তবতা আমাদেরকে মানতে হবে। আমরা যারা বিশেষজ্ঞ, তারা প্রচলিত পাঠ্যক্রমে শিক্ষা পেয়েছি। নতুন যে পাঠ্যক্রম রচনা করতে হবে সে ব্যাপারে প্রশিক্ষিত লোক খুব বেশি আছে, তা কিন্তু নয়।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টার এ বৈঠকে সব সচিব ও বিভিন্ন দপ্তরে সচিব পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৫-১৬ জন সচিব আলোচনায় অংশ নেন এবং ১১ জন প্রস্তাব দেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।