শেরপুরে সাংবাদিক সৌরভের ওপর হামলায় প্রধান আসামি গ্রেপ্তার | Daily AjKaler Kontho

শেরপুরে সাংবাদিক সৌরভের ওপর হামলায় প্রধান আসামি গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৩, ১১:২৪ পূর্বাহ্ন
শেরপুরে সাংবাদিক সৌরভের ওপর হামলায় প্রধান আসামি গ্রেপ্তার

অর্নব রায় ,নকলা প্রতিনিধি : শেরপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্যাতনের শিকার এখন টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভের করা মামলায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার (১৪ এপ্রিল) সকালে জেলার ঝিনাইগাতি উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কৃত ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৪০)। পেশা ফুল ব্যবসায়ী।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভূঁইয়া জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত আত্মগোপনে থাকায় তাকে ধরতে দেরি হলো। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনার জন্য পুলিশ বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে শেরপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, শেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যানসহ অনেকেই।

উল্লেখ্য, গত পাঁচ এপ্রিল দুপুরে ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামে জননী ফ্লাওয়ার গার্ডেনে খবর সংগ্রহ করতে গেলে সৌরভের ওপর অতর্কিত হামলা হয়।