নাটোরের লালপুরে ৭ অবৈধ ইটভাটায় অভিযান, ৩০ লাখ টাকা জরিমানা | Daily AjKaler Kontho

নাটোরের লালপুরে ৭ অবৈধ ইটভাটায় অভিযান, ৩০ লাখ টাকা জরিমানা


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ৭:১৬ অপরাহ্ন
নাটোরের লালপুরে ৭ অবৈধ ইটভাটায় অভিযান, ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের লালপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে সাতটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় পাঁচটি ইটভাটার মালিককে মোট ৩০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি দুটি ইটভাটার চিমনি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের উদ্যোগে এবং নাটোর জেলা কার্যালয়ের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।

অভিযান সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে লালপুর উপজেলার সাতটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে পাঁচটি ইটভাটাকে ছয় লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া দুটি ইটভাটার ১২০ ফুট উচ্চতার ফিক্সড চিমনি এক্সকাভেটর দিয়ে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. বোরহান উদ্দিন। সার্বিক সমন্বয় করেন সহকারী পরিচালক মো. হাবিবুল বাসার।

এ সময় স্পেশাল রিজার্ভ ব্যাটালিয়ন, নাটোর-৪, বাংলাদেশ পুলিশ, নাটোর জেলা পুলিশ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি