কুবির ইংরেজি বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

কুবির ইংরেজি বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


কুবি প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ৭:০৬ অপরাহ্ন
কুবির ইংরেজি বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সহযোগী সংগঠন লিবারেল মাইন্ডসের আয়োজনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের হল রুমে বিভাগের ১৯তম আবর্তনের শিক্ষার্থী মো: জোবায়ের ও মৌলির সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তীতে নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা শুভেচ্ছা বক্তব্য দেন। বক্তব্য পর্ব শেষে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহা: হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো: হারুন সহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী ২০তম আর্বতনের খালেদ মাহমুদ বলেন, “আজকের এই অভ্যর্থনা কোনো অচেনা অতিথিদের জন্য নয়। এটি পরিবারের আপনজনদের জন্য। আমরা আর অতিথি নই, আমরা এই পরিবারেরই একটি অংশ।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন স্কুল ও কলেজের জীবন থেকে সম্পূর্ণ আলাদা। এখানে নিজেদের দায়িত্ব নিজেদেরই নিতে হয়। আমরা সময় ব্যবস্থাপনা শিখেছি, প্রশ্ন করতে শিখেছি এবং দলগতভাবে কাজ করতে শিখেছি। শিক্ষকরা আমাদের শুধু বইয়ের পাঠই দেননি, জীবনের পাঠও শিখিয়েছেন।”

সভাপতির বক্তব্যে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহা: হাবিবুর রহমান বলেন, “বিদায়ী শিক্ষার্থীরা যেখানেই যাও, যা-ই করো, তোমাদের অবশ্যই ইংরেজি বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে হবে। এই বিভাগ থেকে অর্জিত জ্ঞান, শিক্ষা ও গবেষণার মাধ্যমে তোমরা পৃথিবীর নতুন নতুন দিগন্ত উন্মোচন করবে।”

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা এই পরিবারের নতুন তারা, নতুন ফুল। তোমাদের স্বতঃস্ফূর্ততা, উদ্দীপনা ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন আমাদের মুগ্ধ করেছে। তোমাদের স্বপ্ন পূরণ করতে হলে কঠোর পরিশ্রম, অধ্যবসায়, ধৈর্য ও প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে।”

তিনি আরও বলেন, “তোমাদের শুধু শিক্ষাগত উৎকর্ষ অর্জন করলেই চলবে না, নৈতিক মানোন্নয়নও ঘটাতে হবে। ইংরেজি বিভাগের শিক্ষার্থী হিসেবে আমরা শিল্প ও সংস্কৃতির শিক্ষার্থী। তাই আমাদের সংস্কৃতিকে ধারণ করতে হবে এবং সমাজ, জাতি ও বৃহত্তর বিশ্বকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখতে হবে।”

আজকালের কন্ঠ/আর বি