জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোলাপগঞ্জে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোলাপগঞ্জে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত


ছাইম ইবনে আব্বাস, সিলেট (গোলাপগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোলাপগঞ্জে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জে শিশুদের অংশগ্রহণে বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিশুদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও শিল্পপ্রতিভা বিকাশের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসন, গোলাপগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী শিশু-কিশোররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগীরা নিজেদের কল্পনা, চিন্তাভাবনা ও রং-তুলির নিপুণ ব্যবহারে কাগজের ক্যানভাসে ফুটিয়ে তোলে নানা সৃজনশীল চিত্র। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাস্থলে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানটি পরিদর্শন করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বানী মজুমদার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল ইসলাম।

পরিদর্শনকালে কর্মকর্তারা শিশুদের চিত্রাঙ্কন কার্যক্রম ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে কথা বলে উৎসাহ-উদ্দীপনা জোগান। এ সময় শিশুদের আঁকা বিভিন্ন চিত্রকর্ম পর্যবেক্ষণ করেন তাঁরা।

সংশ্লিষ্টরা মনে করেন, জাতীয় দিবসগুলোকে কেন্দ্র করে এ ধরনের সৃজনশীল আয়োজন শিশুদের মধ্যে ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনা সম্পর্কে জানার আগ্রহ তৈরি করার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে শিশুদের সম্পৃক্ততা বাড়াতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্যকে সামনে রেখে শিশুদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা স্থানীয়ভাবে সৃজনশীল চর্চা ও প্রতিভা বিকাশের একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি