
লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর নেতৃত্বে পরিবর্তন এসেছে। টানা ২৩ বছর আমিরের দায়িত্ব পালনের পর এসইউএম রুহুল আমীন ভূঁইয়ার স্থলাভিষিক্ত হয়েছেন হাফিজ উল্লাহ। আগামী দুই বছরের জন্য তিনি জেলা জামায়াতের নতুন আমির নির্বাচিত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে শহরের জেলা জামায়াত কার্যালয়ের সামনে আয়োজিত রুকন সম্মেলন ও শপথ অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ও কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম। শপথবাক্য পাঠের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন নবনির্বাচিত আমির হাফিজ উল্লাহ।
জেলা জামায়াতের সদ্য বিদায়ী আমির এসইউএম রুহুল আমীন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম।
প্রধান অতিথি এটিএম মাছুম বলেন, জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে মহানগর ও জেলাগুলোতে আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। সারাদেশে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন হাফিজ উল্লাহ।
তিনি আরও বলেন, গত বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৭৭টি সাংগঠনিক শাখার নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন।
উল্লেখ্য, নবনির্বাচিত আমির হাফিজ উল্লাহ এর আগে লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে সদ্য বিদায়ী আমির এসইউএম রুহুল আমীন ভূঁইয়া টানা ২৩ বছর জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘ নেতৃত্বের অবসানের মধ্য দিয়ে জেলা জামায়াতের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :