
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ মোঃ রেজু ইসলাম (রেজু) বলেছেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যা দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে বারবার সামনে এসে দাঁড়িয়েছে। জাতীয় সংকট ও কঠিন সময়ে দলটি দেশ ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
শনিবার (৭ নভেম্বর) বিপ্লব ও জাতীয় সংহতি দিবস উপলক্ষে রাণীনগর উপজেলা বিএনপি এবং উপজেলা প্রশাসনের পৃথক আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিন সকাল ১০টার দিকে রাণীনগর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম (রেজু)। পরে দলীয় কার্যালয়ের সামনের গোলচত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংসদ সদস্য উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি রেজু ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাবলি স্মরণ করেন। তিনি বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থান ঘটায়। এর মাত্র তিন দিনের মাথায় কর্নেল তাহেরের নেতৃত্বে আরেকটি পক্ষের অভ্যুত্থানে পরিস্থিতির পরিবর্তন ঘটে। এভাবে অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের ঘটনায় দেশ যখন রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে পড়ে, তখন সিপাহী-জনতার ঐক্যের মধ্য দিয়ে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে মেজর জিয়াউর রহমান যেমন স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে দিকনির্দেশনা দিয়েছিলেন, তেমনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের পরও তিনি জাতিকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেন। তিনি সব রাজনৈতিক দল ও নেতাকর্মীকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় পরিচয় প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন। সেই পরিচয় হচ্ছে—আমরা বাংলাদেশি।
এ সময় উপস্থিত ছিলেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সহ-সভাপতি প্রফেসর জাকির হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন টনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :