আগৈলঝাড়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার | Daily AjKaler Kontho

আগৈলঝাড়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার


আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
আগৈলঝাড়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় নাশকতার পরিকল্পনা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট এলাকায় আগৈলঝাড়া-গৌরনদী সড়কে ছাত্রলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পুলিশের দাবি, মিছিলকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শুক্রবার রাতে সন্ত্রাসবিরোধী আইনে থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বাকাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ওলিউল সরদার (৩৫), উপজেলা ছাত্রলীগের সদস্য রবিউল সরদার (২৩), রাব্বি মৃধা (৩০), গৈলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি কারুল সরদার (৪৩), গৈলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল সরদার (৩৮) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার সরদার (৬০) ও মো. রাজিব সরদার (৩০)।

একটি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ওলিউল সরদার নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তার বিরুদ্ধে জমি ও বাড়ি দখলসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

ওলিউল সরদার গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয় কয়েকজন জানিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিষ্টি বিতরণের খবরও পাওয়া গেছে।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান সাংবাদিকদের জানান, শুক্রবার আগৈলঝাড়া-গৌরনদী সড়কের পয়সারহাট এলাকায় ছাত্রলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় নাশকতার পরিকল্পনার তথ্যের ভিত্তিতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। ওই মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাদের বরিশাল আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

আজকালের কন্ঠ/আর বি